আরিয়ানের বিরুদ্ধে অন্যতম সাক্ষী গোসাভি গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৯:৫৪ এএম

মুম্বাইয়ের প্রমোদতরীতে আটক শাহরুখ খানের ছেলে আরিয়ানের বিরুদ্ধে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দায়ের করা মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুণে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমকে পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেছেন, ‘‘মুম্বাইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করা হয়েছে।’’

আরিয়ানকে গ্রেপ্তারের পর তার সঙ্গে গোসাভির তোলা ছবি সমালোচনার জন্ম দেয়। সমালোচিত হয় খোদ এনসিবি।

জানা গেছে, ২০১৮ সালের একটি প্রতারণা মামলায় গোসাভির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে পুণে পুলিশ। পুলিশের দাবি, এরপর থেকেই খোঁজ মিলছিল না তার।

দিন কয়েক আগে ‘নিখোঁজ’ গোসাভি জানিয়েছিলেন মহারাষ্ট্রে তিনি ‘আতঙ্কে’ রয়েছেন। উত্তরপ্রদেশে লখনউে আত্মসমর্পণের কথা বলেছিলেন তিনি। যদিও পরে গোসাভির সেই দাবি নাকচ করে লখনউ পুলিশ।

মুম্বাইয়ের প্রমোদতরীতে এনসিবি যখন হানা দিয়েছিল তখন সেখানে গোসাভি উপস্থিত ছিলেন বলে অভিযোগ। পরে এনসিবির অফিসে আরিয়ান খানের সঙ্গে সেলফিও তোলেন তিনি। দুই জায়গার ছবি-ভিডিও জানান দেয় শাহরুখ-পুত্রের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি।

রবিবার গোসাভির দেহরক্ষী হিসাবে দাবি করা এক ব্যক্তি ঘুষ সংক্রান্ত লেনদেনের অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে।

প্রভাকর সইল নামের ওই ব্যক্তি দাবি করেন, টেলিফোনে ২৫ কোটি রুপি ঘুষের বিষয়টি নিয়ে গোসাভিকে কথা বলতে শুনেছিলেন তিনি। সেই ২৫ কোটির মধ্যে আট কোটি রুপি এনসিবির জাঁদরেল কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথাও হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেন গোসাভি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত