ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে পাচ্ছে না বাংলাদেশ। তার পরিবর্তে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন লিটন দাশ।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তলপেটে চোট পেয়েছিলেন সোহান। সেই চোট নিয়েই ইংলিশদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।
তবে উইন্ডিজের বিপক্ষে সোহানকে মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ব্যথা বেড়ে যাওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে তাকে বাইরে রেখে একাদশ সাজাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের এক সূত্র নিশ্চিত করেছে, ব্যথা বেড়ে যাওয়ায় সোহান ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন না। তার পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাশ।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে উইন্ডিজের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে শুক্রবার বিকেলে শারজায় মাঠে নামবে টাইগাররা।
একই অবস্থা ক্যারিবীয়দেরও। সুপার টুয়েলভে দুই দলই প্রথম দুটি ম্যাচ হেরে আসর থেকে ছিটকে যাওয়ার পথে।
