তৃণমূলে যোগ দিলেন মাইকেল মধুসূদনের বংশধর লিয়েন্ডার

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৪:২৩ পিএম

ভারতীয় রাজনীতিতে সেলিব্রিটিদের ব্যাপক কদর। পশ্চিমবঙ্গের সর্বশেষ নির্বাচনে তারকাদের দলে টানা নিয়ে বেশ তোড়জোড় দেখা যায়।

এবার এক টেনিস তারকাকে দলে টানলো তৃণমূল কংগ্রেস, যার সঙ্গে আবার বাংলাদেশের যোগ রয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। শুক্রবার গোয়ায় তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের বক্তব্য, গোয়ার ‘গ্র্যান্ডস্ল্যাম’-এর দিকে তাকিয়েই লিয়েন্ডারকে দলে টানল তৃণমূল।

লিয়েন্ডার পেজ মায়ের দিক থেকে সরাসরি বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর।

যোগদান অনুষ্ঠানে শুক্রবার মমতা জানান, লিয়েন্ডারের তৃণমূলে যোগদানে তিনি খুবই খুশি। তাকে নিজের ছোট ভাই হিসেবেই দেখবেন। মমতা যখন যুব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন থেকেই লিয়েন্ডারকে চেনেন বলে উল্লেখ করেন।

ভারতের ছোট রাজ্য গোয়ার বিধানসভা নির্বাচনকে উপলক্ষে সেখানে ভ্রমণে আছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী। তিনি গোয়া থেকে বিজেপিকে হটানোর ঘোষণা দিয়েছেন কয়েক দিন আগে।

লিয়েন্ডার পেজের সঙ্গে একই অনুষ্ঠানে অভিনেত্রী ও অ্যাকটিভিস্ট নাফিসা আলীসহ বেশ কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছেন। নাফিসার দাদা ছিলেন বাঙালি লেখক এস ওয়াজেদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত