নোয়াখালীতে হামলার ঘটনায় আরো ২ আসামির জবানবন্দি

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৭:১৪ পিএম

নোয়াখালীতে হামলার ঘটনায় আরো দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই আসামি হলেন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছেলে মো. আব্দুর রহিম (৪০) ও ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর টিঅ্যান্ডটি কলোনির মো. আরিফ (২১)।

বৃহস্পতিবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, তাদের একজন জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর ব্যাংক রোডে ইসকন মন্দিরে হামলার সময় ইসকনভক্ত প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছে। ঘটনার পরদিন মন্দিরের পাশে পুকুর থেকে প্রান্ত দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, দুই আসামির মধ্যে আব্দুর রহিম তার জবানবন্দিতে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির ভাঙচুর এবং ইসকন মন্দিরে প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করে। পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে প্রান্ত দাসের লাশ পাওয়া যায় বলে জবানবন্দিতে উল্লেখ করে সে। এসব জবানবন্দিতে ঘটনায় আরো ২৭ জনের নাম

উল্লেখ করেন আব্দুর রহিম।

এ নিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার মোট ৭ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান এসপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত