দেশে সোনার ব্যবসাকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পরবর্তী সভাপতি হিসেবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে দেখতে চান খাতটির ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বসুন্ধরার এমডিকে এই প্রস্তাবও দিয়েছেন বাজুসের বর্তমান সভাপতি এনামুল হকসহ কয়েকজন ব্যসসায়ী। দেশে সোনার ব্যবসায় অবদানের স্বীকৃতি হিসেবে ১১ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানটির আয়োজন করে বাজুস।
ওই অনুষ্ঠানে বসন্ধুরা গ্রুপের এমডি বলেন, ‘প্রাচীনকাল থেকেই সোনার গহনা মানুষের কাছে মূল্যবান সম্পদ। অনেকের কাছে আভিজাত্যের অংশ। ধনী বা গরিব কম-বেশি আমরা সবাই ব্যবহার করি। অনেকে ভবিষ্যতের সম্পদ হিসেবেও রাখেন।
সোনার গহনা রপ্তানিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববাজারে হাতে তৈরি সোনার গহনার কদর বাড়ছে। এশিয়ার অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার গহনা রপ্তানি করে। সোনার গহনা রপ্তানিতে বাংলাদেশেরও বিশাল সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে সায়েম সোবহান আনভীর ছাড়াও এফবিসিসিআই সহসভাপতি আমিন হেলালি, দিলীপ কুমার আগরওয়ালা, আলমগীর শামসুল আলামিন (কাজল) প্রমুখ উপস্থিত ছিলেন।
