আনোয়ারায় ৫১ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৩:৫৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫১ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার উপজেলার পরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ জাফর (৬৫) ও একই এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে আবদুল করিম (৩৩)।

র‌্যাব-৭ চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে সাগর পথে আনোয়ারা উপকূলের দিকে আসছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

শুক্রবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৫১ হাজার ৬২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে বিভিন্ন এলাকায় পাচার করার কথা স্বীকার করেছেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত