চবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারমাইকেল কলেজের ছাত্র আটক

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০:১১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন থেকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।

আটক মো. মাসুদ সরকার (২৫) গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্ধ ইউনিয়নের বাসিন্দা। তিনি কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, রবিবার বিকেলে ‘'ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কলা পাঠকক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক শেষে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়েছে। জুলকারনাইন শাহী নামের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে বসেছিলেন মাসুদ। জুলকারনাইন গাইবান্ধার গোবিন্দগঞ্জের এ আর এম শরিফুল ইসলাম জর্জের ছেলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, প্রক্সি দেওয়ার সময় আমরা একজনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ১০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নিয়েছে বলে স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত