অসুস্থ শিল্পী শারমিনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো আরটিভি

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৩:১০ পিএম

গুরুতর অসুস্থ কণ্ঠশিল্পী শারমিন আকতারের চিকিৎসার সহায়তায় এগিয়ে এলো বেসরকারি টেলিভিশন আরটিভি। টিভি চ্যানেলটির সিইও সৈয়দ আশিক রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনারা সবাই শুনেছেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী শারমিন গুরুতর অসুস্থ। সে নিয়মিতই আরটিভির নানা অনুষ্ঠান ও আয়োজনে গান করছিল। তার কিছু গান খুব সাড়া পড়েছে। শারমিনের এই সময়ে তার জন্য পরিবারের হয়ে দোয়া চাই। সেই সঙ্গে আমরা চেষ্টা করছি শারমিনের পাশে দাঁড়াতে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন।’

তবে কত টাকার অর্থ সাহায্য দেয়া হবে শারমিনকে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি এখনো। শিগগিরই সেটা অফিশিয়ালি জানানো হবে বলে জানা গেছে।

১৫ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  শারমিন আকতার। তার রক্তে ইনফেকশন হওয়ায় নতুন ব্লাড সেল উৎপন্ন হচ্ছে না। ক্রমেই অবস্থা অবণতির দিকে যাচ্ছে তার।

রোববার গণমাধ্যমকে শারমিনের বাবা বাউলশিল্পী হুমায়ূন কবির বলেন, 'ঢাকা মেডিকেলে শারমিনের চিকিৎসার কোনো কমতি হচ্ছে না। কিন্তু অবস্থার উন্নতি না হলে তো চিকিৎসকদেরও কিছু করার থাকে না। তারপরও আগামী দুই তিন দিন দেখার পর অবস্থা ভালো না হলে সিঙ্গাপুর বা ভারতে নিয়ে যেতে চাই। তবে আমরা তো বাউল গানের পরিবার। জীবনে টাকার লোভ কখনও ছিলো না। টাকার পেছনে ছুটিনি। আর্থিক কষ্টও ছিলো না পরিবারে। কিন্তু জীবনে এতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবো  তা কে জানতো! দুই বছর করোনার কারণে কোনো শো' হয়নি। তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে, কেউ যদি আমার মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে চান তা সাদরে গ্রহণ করবো।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২০ বছর বয়সী শারমিন আকতার বাবা-মার সঙ্গে রাজধানীর দক্ষিণ বাড্ডায় বসবাস করেন। শারমিনের দাদা গান গাইতেন। বাবা গান লেখেন, সুর করেন। পছন্দ করেন গাইতেও। ফলে গানটা শারমিনের রক্তে। বাবা-দাদার পথ ধরেই গাইছেন মাটির গান, প্রাণের গান, বাংলা গান। বাবা যেমন শত কষ্টেও হাল ছাড়েননি, কন্যাও পিছিয়ে থাকেনি। শারমিন চ্যাম্পিয়ন হন ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান-২০১৬’তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত