উইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৩:২৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের শেষ ইনিংসের ৫ উইকেটই নিলেন লাসিথ এম্বুলদেনিয়া। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কান স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হলো ক্যারিবিয়ানদের।

৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ১৬০ রানে। আর তাতে ১৮৭ রানের বিশাল জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো লঙ্কানদের। সেই সঙ্গে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

গল টেস্টের চতুর্থদিনই জয়টা প্রায় হাতের মুঠোয় নিয়ে নেয় শ্রীলঙ্কা। পঞ্চমদিনে তাদের সেই জয় উদ্‌যাপনের অপেক্ষাটা বাড়ালেন এনক্রুমাহ বোনার ও জশুয়া ডি সিলভা।

কিন্তু দুজনে ফিফটি করেও উইন্ডিজকে হার থেকে রক্ষা করতে পারেননি। কীভাবে পারবে! আগের দিন যে ১৮ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা! এরপরই মাটি কামড়ানো ব্যাটিং শুরু বোনার ও ডি সিলভার।

পঞ্চম ও শেষদিনে উইন্ডিজ ব্যাটিংয়ে নামল ৬ উইকেটে ৫২ রান নিয়ে। যে হার তাদের চোখ রাঙাচ্ছিল তা কেবল বিলম্বিতই হলো কেবল। বোনার-ডি সিলভা শতরানের জুটি না করলে বেশ আগেই জয় উদ্‌যাপন করতে পারত লঙ্কানরা।

উইন্ডিজের সপ্তম উইকেটের পতন ঘটে ১১৮ রানে। ১২৯ বলে ৫ চারে ৫৪ রানে এম্বুলদেনিয়ার বলে থামেন ডি সিলভা। আগের দিনের ১৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন এই উইকেটরক্ষক। এরপর টেল-এন্ডার ব্যাটার রাহকীম কর্নওয়েল (১৩), জোমেল ওয়ারিক্যান (১) ও শ্যানন গ্যাব্রিয়েলকে (০) নিয়ে হারের ব্যবধানটা যা একটু কমাতে পেরেছেন বোনার।

২২০ বল ২৭৩ মিনিট ব্যাট করে ৭ চারে ৬৮ রানে অপরাজিত থাকতে হলো ৩২ বছর বয়সী এই ব্যাটারকে। প্রথম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। চতুর্থদিনে করেন ১৮ রান।

পঞ্চমদিনের চার উইকেটের মধ্যে তিনটিই নিয়েছেন এম্বুলদেনিয়া। দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।  আগের দিন টপ-অর্ডারের ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের মূলত ডুবিয়েছেন রমেশ মেন্ডিস।

উইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৩০ রান। তার আগে দিমুথ করুনারত্নের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে লঙ্কানরা। তার ৮৩ রানের ওপর ভর করে ৪ উইকেটে ১৯১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। ম্যাচ সেরাও হয়েছেন লঙ্কান অধিনায়ক-ওপেনার করুনারত্নে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত