নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তারা বলেন, বৃহস্পতিবার সদর দপ্তরের বাইরে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। খবর এএফপি।
জাতিসংঘের একজন বলেন, জাতিসংঘের সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশের কার্যক্রম চলছে।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকায় গাড়ি না নিয়ে যেতেও বলা হচ্ছে।
