আফ্রিকার ৭ দেশ থেকে আসলে নিজ খরচে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:০৯ এএম

করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রনের কারণে নতুন করে আরও কিছু বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার রাতে জারি করা নতুন নির্দেশনা অনুসারে দক্ষিণ আফ্রিকাসহ সাতটি দেশ থেকে বাংলাদেশে এলে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনসের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ নির্দেশনা শনিবার দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

এতে বলা হয়, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো- এই সাত দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে নিজ খরচে বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিমানে ওঠার আগেই কোয়ারেন্টাইনে থাকার জন্য সরকার নির্ধারিত হোটেল নির্বাচন করতে হবে। বাংলাদেশে এসে কোয়ারেন্টাইনে থাকার সময়ে যাত্রীকে সাত দিন পর একবার এবং ১৪ দিন পর দ্বিতীয়বার করোনার পরীক্ষা করা হবে। এ দুইবারের করোনা পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে।

আদেশে আরও বলা হয়, হোটেলে কোয়ারেন্টাইনের সপ্তম দিনে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে যাত্রীকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হবে। আর নেগেটিভ রিপোর্ট এলে হোটেলে বাকি সাত দিন কোয়ারেন্টিনে থাকা লাগবে। ১৪তম দিনে দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে যাত্রী কোয়ারেন্টাইন সেন্টার ত্যাগ করতে পারবেন।

বেবিচক বলছে, যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে। এর আগে এ সময়সীমা ছিল ৭২ ঘণ্টা। তবে ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন..আফ্রিকা থেকে কেউ এলে বোর্ডিং পাস পাবে না: পররাষ্ট্রমন্ত্রী

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত