জেলার মহেশপুর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর বেদবাড়িয়া গ্রামে নাসিম হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মরদেহটির সন্ধান মেলে।
নাসিম ওই গ্রামের মমিনুর রহমানের ছেলে। গত ২৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা পুলিশকে জানায়, নাসিম মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
আরও জানান, গত ২৭ নভেম্বর থেকে নাসিমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে পরিবারের লোকজন থানায় জিডি ও এলাকায় মাইকিং করে।
বৃহস্পতিবার রাতে গ্রামের গোরস্থানের পাশের একটি বাগান থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সদর ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
