মাউশির দুই কর্মকর্তার ‘দুর্নীতি’ তদন্তে কমিটি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৫:৫৫ এএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী ও উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীরকে প্রধান করে ওই কমিটিতে একই অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক টুটুল কুমার নাগ, ড. এনামুল হক, সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুজ্জামান ও অডিট অফিসার সুলতান আহম্মদকে রাখা হয়েছে। আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তদন্ত করবে কমিটি বলে আদেশে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবিরের বিরুদ্ধে আনা নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি কলেজের জন্য দশটি বিষয়ে পাঁচ শতাধিক প্রদর্শক নিয়োগে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত