কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এক বছর বয়সের শিশুকে রেখে পরকীয়ার টানে উধাও হয়েছিলেন এক গৃহবধূ। ৮ মাস পর পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।
পেকুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টইটং ইউনিয়নের ইউপি কার্যালয়ের সামনে থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
জানা গেছে, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলার জুম গ্রামের আবদু ছবুরের ছেলে আব্দুর রহিম (২৫) এর সঙ্গে একই উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়া গ্রামের হাফেজ আহমদের মেয়ে শারমিন আক্তারের (২১) বিগত ২০১৮ সালের ১৯ আগস্ট বিয়ে হয়। তাদের এক বছরের এক সন্তান রয়েছে।
শারমিনের স্বামী আব্দুর রহিম বলেন, বিয়ের দুই বছর সুখে ছিল সংসার। এরপর বাড়িতে নলকূপ বসানোর সময় নলকূপ মিস্ত্রির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে শারমিন।
‘এক বছরের দুধের শিশুকে ঘুমে রেখে টাকা, স্বর্ণসহ মূল্যবান জিনিস নিয়ে মিস্ত্রি মো. সোহেলের সঙ্গে পালিয়ে যান শারমিন। ফিরিয়ে আনতে শত চেষ্টায় ব্যর্থ হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি।’
জানা গেছে, সোহেল পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকার মো. ভোল্লা প্রকাশ ভোলাইয়ার ছেলে।
