কক্সবাজারে একটি আবাসিক হোটেলের রুম থেকে সঞ্জয় কুমার সরকার (৩০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক তরুণীকে (১৮) হেফাজতে নিয়েছে টুরিস্ট পুলিশ।
শনিবার দুপুরে শহরের পর্যটন জোন কলাতলী এলাকার আলম গেস্ট হাউস নামের এক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিকালে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ জানান, আলম গেস্ট হাউস নামের হোটেলে এক যুবকের গলায় ফাঁস লাগানোর খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ওই যুবকের সঙ্গে থাকা এক তরুণীকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য টুরিস্ট পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মো. মহিউদ্দিন আহমেদ আরও বলেন, সঞ্জয় নামের ওই যুবকের স্ত্রী ও এক মেয়ে আছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে ওই তরুণী ও নিহতের মধ্যে পরকীয়র সম্পর্ক ছিল। তারা দুজন সিরাজগঞ্জ থেকে কক্সবাজার ভ্রমণে এসে ওই হোটেলে রুম ভাড়া নেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
সঞ্জয়ের মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
