‘ভণ্ড’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না সিনেমা ছেড়েছেন বহু আগেই। এবার এই নায়িকা জানালেন নিজের খবর। তার বর ভারতের গুজরাতি বংশোদ্ভূত সুইডিশ ব্যবসায়ী মোহাম্মদ দাহইয়া। ২৬ নভেম্বর তাদের বিয়ে হয়। গণমাধ্যমকে তামান্না বলেন, ‘গত বছর আমি মাকে হারিয়েছি। অবশ্য দাহইয়াকে দেখে গিয়েছিলেন মা। খুব পছন্দও করেছিলেন। তার পছন্দের ছেলের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছি। আজ মা বেঁচে থাকলে খুবই খুশি হতেন।’
দাহইয়ার সঙ্গে তামান্নার পরিচয় দুই বছর আগে। পরিচয়ের অল্প দিনের মধ্যেই মন দেওয়া-নেওয়ার সম্পর্ক গড়ে ওঠে। দাহইয়া সম্পর্কে তামান্না বলেন, ‘মানুষ হিসেবে ও খুবই ভালো। গেল দুই বছরে আমি তা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি। তার মতো সুন্দর মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, আল্লাহর কাছে এ জন্য কৃতজ্ঞ। ও আমাকে ভীষণ কেয়ার করে, ভালোবাসে। জীবনে আর কী চাই! সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখী হতে পারি, ভালো থাকতে পারি।’
তামান্নার পুরো নাম তামান্না হাসিন হুদা। শৈশব থেকেই পরিবারের সঙ্গে সুইডেন থাকেন, সেখানেই করেছেন পড়াশোনা। ক্লাস এইটে পড়ার সময় ১৯৯৫ সালে দেশে বেড়াতে এসে আফজাল হোসেনের নির্মাণে স্টারশিপ কনডেন্সড মিল্কের মডেল হন। এরপরই সুযোগ পান চলচ্চিত্রে অভিনয়ের। দুই যুগ আগে ‘ত্যাজ্যপুত্র’ ছবি দিয়ে ঢালিউডে তার অভিষেক হয়। তবে তুমুল জনপ্রিয়তা পান শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ (১৯৯৮) ছবিতে রুবেলের নায়িকা হয়ে। ২০০৩ সালে সুইডেন ফিরে যাওয়ার আগ পর্যন্ত টানা চলচ্চিত্রে অভিনয় করেন। এ সময় তাকে দেখা গেছে ‘হৃদয়ে লেখা নাম’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘অশান্তির আগুন’-এর মতো বেশ কিছু সফল ছবিতে। সুইডেন ফিরে গিয়ে ফের পড়াশোনায় মন দেন। পড়েছেন দন্ত চিকিৎসাবিদ্যায়। ২০১১ সালে ফের দেশে বেড়াতে এসে অভিনয় করেন ‘পাগল তোর জন্য’ ছবিতে। ২০১৩ সালে মুক্তি পায় ছবিটি। এটিই তামান্না অভিনীত মুক্তি পাওয়া সর্বশেষ ছবি।
উল্লেখ্য, তামান্নার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় এক সাংবাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ওই সংসারে দুজন সন্তানও রয়েছে।
