পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট পেয়ে রাজবাড়ীর পাংশায় প্রতিপক্ষের বাড়ির সামনে বোমা ফাটিয়ে উল্লাস করেছে কর্মী সমর্থকেরা। এ ঘটনায় পুলিশ তিনটি হাতবোমাসহ চেয়ারম্যান প্রার্থীর ছেলেকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫ জানুয়ারি। এ নির্বাচনকে কেন্দ্র করে ৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছেন মনোনয়ন বোর্ড।
এ ঘটনায় পাংশা থানায় পৃথক ২টি বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া দুটি ইউনিয়ন থেকে চেয়ারম্যানের ছেলেসহ ৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায় পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে মৌরাট গ্রামের আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান প্রার্থী মো. শওকত আলী সরদারের বাড়ির সামনে আতঙ্ক ছড়াতে হাতবোমা বিস্ফোরণ ঘটায় নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক। পুলিশ ঘটনা স্থলে গিয়ে তিনটি বোমাসহ হাতেনাতে গ্রেপ্তার করে এ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিকসহ ২ জনকে। গ্রেপ্তার শামীম প্রামাণিক উপজেলা যুবলীগের নেতা। গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা-পুলিশ।
চেয়ারম্যান প্রার্থী শওকত আলী সরদার জানান, ওদের উদ্দেশ্য ছিল আমার বাড়িতে বোমা মারা। কিন্তু বাড়ির সামনে আমার ভাই-ভাইপো বাধা দেবার কারণে পারেনি। পেছন থেকে পুলিশ চেয়ারম্যানের ছেলেসহ দুজনকে বোমাসহ গ্রেপ্তার করে। পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেবার চেষ্টা করা হয়। তবে নৌকার মনোনয়ন পেয়েই চেয়ারম্যানের ছেলে ইউনিয়ন জুড়ে যে তাণ্ডব গতকাল রাতে করেছে তাতে সাধারণ ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত।
মৌরাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন পাওয়া মো. হাবিবুর রহমান প্রামাণিকের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
এ ছাড়া হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা আবুর বাড়ীর সামনে আনুমানিক রাত ১১টার দিকে বিস্ফোরণ ঘটায় বর্তমান চেয়ারম্যান ও পুনরায় নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থী আব্দুল আলীম মণ্ডলের কর্মীরা। এ ঘটনায় পাংশা থানা-পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পাংশা থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় মৌরাটে। পুলিশ তাৎক্ষণিক গিয়ে বোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া হাবাসপুর ইউনিয়ন থেকে তিনজনকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার করে পৃথক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
