রাজধানীর উত্তরায় হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটেছে। হামলায় আলেয়া নামের এক হিজড়া গুরুসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ভেতর একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সকালে উত্তরার ৭ নম্বর সেক্টরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
সেক্টর বাসিন্দাদের অনেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ যোগাযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও কাউকে আটক করতে পারেনি।
হামলার বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, আজকেও দুই গ্রুপে ভেতর সংঘর্ষ খবর পেয়েছি। তারা দুপুরে থানায় এসেছিলেন। আহতদের আমরা টঙ্গী সরকারি হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা বা (মামলা) নেয়া হবে। এ বিষয়ে আমরা বেশি কিছু জানি না।
উত্তরা পশ্চিম থানার এসআই মোজাম্মেল জানান, ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু হামলাকারীরা ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা প্রহরী জাকির জানান, সকাল ১০টার দিকে হিজড়াদের একটি গ্রুপ লাঠিসোঁটা দিয়ে ৭/৮ জন হিজড়ার ওপর হামলা করে। এ সময় প্রত্যক্ষদর্শীদের মধ্য থেকে একজন ঘটনার ভিডিও করার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়।
সেক্টর কল্যাণ সমিতির কমান্ডার উজ্জ্বল জানান, সকালে কিছু হিজড়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে যারা হামলা করেছে তারা দ্রুত পালিয়ে যায়।
আহতরা হলেন- হিজড়া গুরু আলেয়া, আইরিন, সিমু, মিম, সৃষ্টি, অন্তরা, কমলা, পায়েল, বৃথী। এছাড়া আহত অপু হিজড়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে হিজড়া গুরু আলেয়ার সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
