রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ৮ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে আলেয়া নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রবিবার সকালে ৭ নম্বর সেক্টরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, দুই গ্রুপের ভেতর সংঘর্ষের খবর পেয়েছি। তারা দুপুরে থানায় এসেছিলেন। আহতদের আমরা টঙ্গী সরকারি হাসপাতালে পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে মামলা নেওয়া হবে। এ বিষয়ে আমরা বেশি কিছু জানি না। তারা অভিযোগ বা মামলা করলে বিস্তারিত বলতে পারব।
উত্তরা পশ্চিম থানার এসআই মোজাম্মেল জানান, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু হামলাকারীরা ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা প্রহরী জাকির জানান, সকাল ১০টার দিকে হিজড়াদের একটি গ্রুপ লাঠিসোঁটা দিয়ে ৭-৮ জন হিজড়ার ওপর হামলা করে। এসময় প্রত্যক্ষদর্শীদের মধ্য থেকে একজন ঘটনার ভিডিও করার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়। সেক্টর কল্যাণ সমিতির কমান্ডার উজ্জল জানান, সকালে কিছু হিজড়ার ওপর হামলার ঘটনা ঘটেছে, তবে যারা হামলা করেছে তারা দ্রুত পালিয়ে যায়।
