শেকৃবিতে নিরাপত্তার অভাবে বাড়ছে গবেষণাগারে চুরি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০২ পিএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গবেষণাগারে চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।

ফলে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থ ও শ্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্নাতকোত্তর শিক্ষার্থীরা হারাচ্ছেন আগ্রহ।

বিভিন্ন সময়ে গবেষণার মাঠ থেকে ফসল চুরি হওয়ার ঘটনা ঘটলেও এবার নেট কেটে গবেষণায় চলমান এমন বেশ কিছু পোলট্রি মুরগি চুরি হওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টিতে। ফলে প্রশ্ন উঠেছে এসব গবেষণা স্থানের নিরাপত্তা নিয়ে।

গতকাল অ্যানিমেল  প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত বিপুল মজুমদার ও নিতু সাহা নামের শিক্ষার্থীর করা চলমান গবেষণায় পোলট্রি ফার্ম থেকে বেশ কিছু মুরগি ও ওষুধ চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

তারা বলেন, এই গবেষণা শুরুর দিকে গত ২০ নভেম্বর একবার চুরি হয়, তার পরদিনই আমরা প্রক্টর বরাবর নিরাপত্তা জোড়দার করার জন্য আবেদন করি। কিন্তু প্রশাসন থেকে কোনো গুরুত্ব না দেওয়ায় ১৯ দিন পার হতেই আবারও গবেষণার মুরগি ও কিছু ওষুধ চুরি হয়ে গেল। নিজেদের টাকা খরচ করে গবেষণা  করা জিনিসপত্র এভাবে বারবার চুরি হওয়ায় আমরা হতাশ।

গবেষণার বস্তু চুরি হওয়া শেকৃবিতে নতুন নয়, এর আগে গত বছর জানুয়ারি ও মার্চ মাসে মাঠ থেকে গবেষণার স্ট্রবেরি ও ক্যাপসিকাম চুরি হওয়ার অভিযোগ উঠেছিল। তার আগেও গবেষণারত পেঁয়াজ, মরিচ, বেগুনসহ একাধিক ফসল চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী একাধিক শিক্ষার্থীরা জানান, বারবার অভিযোগ করেও প্রশাসন থেকে নিরাপত্তার তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. হারুন-উর-রশীদ দেশ রূপান্তরকে বলেন, ৪টা এক্সপেরিমেন্ট থেকে ৪টা মুরগি চুরি হওয়া এটা আমার কাছে ইনটেনশনালি মনে হয়েছে। আমাদের পর্যাপ্ত আনসার সদস্য নেই, ফলে সার্বক্ষণিক পাহারা সম্ভব হয় না, অভিযোগ পেয়েছি আমরা বিষয়টা ক্ষতিয়ে দেখবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত