ডেনমার্কে ৪৮ ঘণ্টায় ওমিক্রন সংক্রমণ বেড়েছে ৩ গুণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০১:১৪ পিএম

ডেনমার্কে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে দ্রুত বাড়ছে।

দেশটিতে রবিবার ওমিক্রনে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে বলে ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়।

ডেনমার্কে গত ৪৮ ঘণ্টায় করোনার এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে।

শুক্রবার নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ১৮ এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জন।

দ্য ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এর আগে নরওয়ে ও আইসল্যান্ডসহ পুরো ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৮২ বলে জানিয়েছিল।

এখন পর্যন্ত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্ট ইউরোপের ১৭টি দেশে ছড়িয়েছে বলেও ইসিডিসি জানায়।

এদিকে ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এখন এমন লোকের মধ্যেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে, যারা বিদেশে ভ্রমণ করেননি কিংবা ভ্রমণকারীদেরও সংস্পর্শে আসেননি।

এ থেকে ধারণা করা হচ্ছে- ইউরোপের বিভিন্ন দেশে অশনাক্ত কমিউনিটি ট্রান্সমিশন চলছে।

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্তের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট আগে করোনা হয়েছে এমন ব্যক্তিদেরও সংক্রমিত করছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত