বৃষ্টির কারণে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলাও

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০২:২৯ পিএম

ঢাকা টেস্টের তৃতীয়দিনের পুরোটায় চলে গেলো বৃষ্টির পেটে। হলো না একটি বলও। দুপুর দুইটার পর এলো পরিত্যক্তের ঘোষণা।

আবহাওয়া ঠিকঠাক থাকলে আগামীকাল চতুর্থদিনের খেলা শুরু হবে ৯টা ৩০ মিনিটে। সারাদিনে হবে ৯৮ ওভার।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সারা দেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। উপকূলীয় অঞ্চলসহ রাজধানীতে গতকাল রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় গতকাল বিকেল থেকে ঝরছে একটানা বৃষ্টি।

যার ফলে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। সেই শঙ্কায় সত্যি হয় শেষ পর্যন্ত। বাতিল হয়ে যায় তৃতীয় দিনের খেলা।

আগেরদিন খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। সময়ের হিসেবে প্রায় ৩০ মিনিট। তাতেই শেষ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। সকাল থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিকেলে আসে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা।

মাঠ ছাড়ার আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৮৮ রান করে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত ছিলেন।

৬০ রানে দ্বিতীয়দিন শুরু করেন বাবর। আজহার আলী নামেন ৩৬ রান নিয়ে। তার মধ্যে ইনিংসের ৬৭তম ইনিংসের শেষ বলে এবাদত হোসেনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ফিফটি তুলে নেন তিনি।

প্রথম দিনে খেলা হয় ৫৭ ওভার। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শেষ করে। বাংলাদেশের হয়ে আগেরদিন উইকেট দুটি নেন স্পিনার তাইজুল ইসলাম।

দুই সিরিজের প্রথম বা চট্টগ্রাম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত