বহিষ্কৃত মেয়র আব্বাস ৩ দিনের রিমান্ডে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বসানোয় আপত্তি তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শংকর কুমার এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আদালত পরিদর্শক আবুল হাসেম।

মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম গত বৃহস্পতিবার মেয়র আব্বাসের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে সোমবার আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্বাসের পক্ষে তার জামিনের আবেদন করা হয়েছিল। আদালত তা নামঞ্জুর করেছেন।

আসামিপক্ষে রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী শুনানি করেন। আর বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম সরকার, মোজাফফর হোসেন ও মুসাব্বিরুল ইসলামসহ আরও কয়েকজন।

সম্প্রতি ঘরোয়া বৈঠকের দুটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। একটি অডিওতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করলে ‘পাপ হবে’ এমন মন্তব্য করতে শোনা যায় আব্বাসকে। পর পর দুবার নৌকা নিয়ে মেয়র হওয়া আব্বাসের এ রেকর্ড ছড়িয়ে পড়লে রাজশাহীতে প্রতিবাদের ঝড় ওঠে। তাকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুল মমিন।

এছাড়া পৌরসভার সব কাউন্সিলর মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ১ ডিসেম্বর ভোরে র‌্যাব ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন বোয়ালিয়া থানা-পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাকে রাজশাহী কারাগারে পাঠায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত