জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে আসরটি মাঝ পথে স্থগিত হয়ে যায়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মেয়েদের।
এরপর জিম্বাবুয়ে থেকে ফিরে পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন মেয়েরা। সোমবারই তাদের হোটেল ছেড়ে বাড়িতে যাওয়ার কথা ছিল। মেয়েদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাক্ষাতেরও কথা ছিল এদিন। কিন্তু দুজনের করোনা আক্রান্ত হওয়ার খবরে সবই বাতিল হয়ে গেছে।
পজিটিভ দুই ক্রিকেটারকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বাকিরা ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন। সবার আরেক দফা পরীক্ষা করানো হয়েছে। এর ফল আসার কথা রাতেই।
