তথ্য প্রতিমন্ত্রী পদ থেকে ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার খবরে সরিষাবাড়ীতে আনন্দ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।
সোমবার রাতেই ডা. মুরাদ হাসানের নির্বাচনী এলাকা জামালপুর-৪ আসনের বিভিন্ন স্থানে নিজ দলীয় অনেক নেতাকর্মী-সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল, সমাবেশসহ মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেন।
সোমবার রাতে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি শহীদ মিনার চত্বর, পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকায় এবং মঙ্গলবার সকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতির উদ্যোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতির নেতৃত্বে শিমলাবাজার চালহাটি থেকে আনন্দ মিছিল বের করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগ আরামনগর বাজার ট্রাক সমিতির মোড় থেকে আনন্দ মিছিল বের করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। সেখানে তারা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে দাহ করে।
এদিকে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে একটি মিছিল মুরাদ বিরোধী নানা স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয় পর্যন্ত আসে। উপজেলার মহাদান ইউনিয়নের বড়শরা গুঠুর মোড়ে মুরাদ বিরোধী মিছিল হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ ফেসবুকে এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন বা কাউকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখেন। তিনি ডা. মুরাদকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের যে নির্দেশ দিয়েছেন আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সে সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করি।’
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা এক ফেসবুক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এই সিদ্ধান্তে সরিষাবাড়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দিত।
