ভারতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৪৫ পিএম

ভারতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

ফাইনালে আইচ মোল্লার দুর্দান্ত ব্যাটিংয়ের পর নাইমুর রহমানের স্পিন ঘূর্ণিতে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে উড়িয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ১৮১ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ২৩৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে স্বাগতিক দল গুটিয়ে গেছে ৫৩ রানে।

আসরে অপর দল ছিল- ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল। বাংলাদেশ এই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলো।

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে যা যুব দলের জন্য প্রেরণা হিসেবেই কাজ করবে। বাংলাদেশ শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলবে সেখানে।

এদিন টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতে চাপে পড়লেও আইচ মোল্লা ও আশিকুর জামানের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। ১০ চার ও ২ ছক্কায় আইচ খেলেন সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন আশিকুর। তাতে ৪১.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩৪ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ২১.৩ ওভারে। ইনিংসে দলটির হয়ে দুই অঙ্কে যেতে পারেন কেবল দুজন। যেখানে সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারান।

বাংলাদেশের পক্ষে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাইমুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন ডানহাতি পেসার আশিকুর জামান ও অফ স্পিনার মেহেরব হাসান।

ম্যাচ শেষে ‍পুরস্কার বিতরণ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। ম্যাচসেরা হয়েছেন আশিকুর জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত