দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি।
মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান জিয়া পরিবারের সদস্যদের নিয়ে যে কুৎসিত বক্তব্য দিয়েছেন তাতে সমগ্র নারী সমাজ এবং মানবতাকে হেয় করা হয়েছে। সভায় ২৪ ঘণ্টার মধ্যে ডা. মুরাদকে জাতীয় সংসদ থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়।’
সভায় তার (মুরাদ) বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর দাবিতে নতুন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়। তা হচ্ছে ২০ ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে সমাবেশ হবে। এসব সমাবেশে দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সভায় খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
এর বাইরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে দলীয় কর্মসূচি নেওয়া হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
