হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই কর্মী। কর্মকর্তাদের বরাতে বুধবার খবরটি নিশ্চিত করে ডেইলি মেইল।
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হাতির আক্রমণের শিকার হন ওই দুই মাঠকর্মী। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাক্ষে আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ৫০০ মিটার দূরে তাদের লাশ পাওয়া যায়।
সংবাদ সংস্থা এএফপি’কে এমনটায় জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা। কিন্তু এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে সবার বিশ্বাস, হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ওই দুই মাঠকর্মী।
হাম্বানটোটার এই ক্রিকেট ভেন্যু বন্যপ্রাণী অভয়ারণ্যের খুব কাছে। এছাড়া তার আশপাশে বিশাল গ্রামীণ এলাকা। যেখানে মানুষ ও হাতির দ্বন্দ্বের মতো ঘটনা প্রায় ঘটে।
নিহত দুই মাঠকর্মী এই মাসের শেষদিকে হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের সেমিফাইনাল ও ফাইনালের প্রস্তুতিমূলক কাজ শেষে স্টেডিয়াম থেকে ফিরছিলেন।
