জনপ্রতিনিধি হতে এখন আর ভোট লাগে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, কী ধরনের ব্যক্তিরা মন্ত্রী হয় এটা আপনারা দেখেছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ‘আজকে কারা জনপ্রতিনিধি? জনপ্রতিনিধি হতে এখন আর ভোট লাগে না। জনগণের কাছে দায়বদ্ধতার কোনো প্রয়োজন নেই তাদের। এখন নির্বাচনের আগের রাতেই নির্বাচন হয়ে যায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্রকে এ দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছে।’
অত্যাচার নির্যাতনের কারণে দেশের মানুষ মুখ খুলতে পারছে না মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, এ দেশে কোনো আইনের শাসন নেই। মানুষের অধিকার নেই; বাক্স্বাধীনতা নেই। সমাবেশের স্বাধীনতা নেই।
তিনি বলেন, ‘দুর্বৃত্তরা আজকে সমাজপতি হয়েছে। কী ধরনের ব্যক্তিরা মন্ত্রী হয় এটা আপনারা দেখেছেন। কামাল ইবনে ইউসুফ মন্ত্রী ছিলেন, সরকারের কয়েকজন মন্ত্রীর পরিচয়ও আপনারা পেয়েছেন।’
খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘খুব দুঃখ লাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। তিনবারের প্রধানমন্ত্রী তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে যাচ্ছেন।’
