চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালহোইর মাঠে স্থাপনাধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার ধরে ঝুলতে গিয়ে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল- নাচোলের কসবা ইউনিয়নের কালহোইর দিঘীপাড়া গুচ্ছগ্রামের মাসুদ আলীর ছেলে সজিব (১০) ও মোহাম্মদ মিঠুর মেয়ে লামিয়া (৬)।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, সকালে সজিব ও লামিয়া কালহোইর মাঠে ছাগল চড়াতে গিয়ে রহনপুর-বগুড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুলে থাকা তার নিয়ে খেলা করছিল।
এ সময় সঞ্চালন লাইনের ৪২/৫ নম্বর টাওয়ার থেকে দু’ কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ শ্রমিকেরা মেশিনের মাধ্যমে তার টান দিলে মুহূর্তেই তারে ঝুলে থাকা দুই শিশু উপরে উঠে গিয়ে তার থেকে ছিটকে পড়ে। এতে উপর থেকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সজিব ও লামিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।
