বেশ কয়েক বছর ধরেই শরীর ভালো যাচ্ছে না ফুটবল কিংবদন্তি পেলের। কিছুদিন আগে কোলনের টিউমার অপসারণ হয় তার। তবে বুধবার সকালে হঠাত্ই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ব্রাজিলের এই সুপারস্টারকে।
স্বাভাবিকভাবেই পেলের ভক্তদের মনে অনেক আশঙ্কাই ভর করছে। তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্টো বলছেন, ক্রিসমাসের আগেই বাড়ি ফিরবেন তার বাবা।
সাও পাওলোর যে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসক টিম দেখভালের দায়িত্বে রয়েছে পেলের। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী ফুটবলারের ক্যানসার হয়েছে কিনা, সেই প্রশ্ন আবার দেখা দিয়েছে।
তবে ইনস্টাগ্রামে কেলির পোস্ট আশঙ্কা অনেকটাই কমাচ্ছে। কেলি লিখেছেন, ‘দিন কয়েকের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে বাবা। দু-তিন দিনের ব্যাপার। তারপর বাড়ি ফিরে আবার ক্রিসমাস উপভোগ করতে পারবে।’
কেন হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন পেলে? তার নতুন কোনো সমস্যা? নাকি অস্ত্রোপচারের পর ফের দেখা দিয়েছে সমস্যা?
কেলি বলেছেন, ‘হঠাৎ করে ব্যাপারটা হয়নি। বাবাকে যে হাসপাতালে ভর্তি করা হবে, সেটা অনেক আগে থেকেই ঠিক ছিল। এটা চিকিৎসারই অংশ।’
