আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন পুরি-শিঙাড়া বিক্রেতা রাশিদা বেগম। ক্যামেরা প্রতীক নিয়ে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রাশিদা জানান, নির্বাচিত হলে এলাকার মানুষের সেবা করার পাশাপাশি নিজের পুরি-শিঙাড়া বিক্রিও চালিয়ে যাবেন।
রাশিদা বেগম ২২ বছর ধরে বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের নতুন বাজারে পুরি-শিঙাড়া বিক্রি করে আসছেন। সংসারে স্বামী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছেলে ঢাকায় দর্জির কাজ করে। বর্তমানে সংসারে তারা স্বামী-স্ত্রী দুজনই। স্বামী মোকতার শেখ রাশিদাকে পুরি-শিঙাড়া বানানোর কাজে সহযোগিতা করেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা চিন্তা করেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন বলে জানান রাশিদা। এতে তার স্বামীরও বেশ উৎসাহ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। তবুও থেমে নেই রাশিদা। বিজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন।
রাশিদা বেগম বলেন, ‘আমি একজন গরিব মানুষ। এলাকার মানুষের নানা সমস্যার কথা চিন্তা করেই নির্বাচনে এসেছি। আমি বিজয়ী হলে অসহায় মানুষের সেবা করব। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে চাই। আমাকে মানুষ ভালোবাসে, তাই আমার বিশ্বাস বিপুল ভোটে তারা আমাকে নির্বাচিত করবেন।’
নিজের ব্যবসা সম্পর্কে তিনি বলেন, ‘পুরি-শিঙাড়া বিক্রি আমি বন্ধ করতে চাই না। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করব। আর বিকেলে পুরি-শিঙাড়া বিক্রি করব। নির্বাচিত হলে এখানে থেকেই মানুষের সেবা করব।’
