আগামী ১৪ ডিসেম্বর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও ছয় জাতি আসরে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া ও মালয়েশিয়া। প্রথমবারের মতো মর্যাদার এই আসরে খেলতে যাওয়া বাংলাদেশ খুব কমই সময় পাচ্ছে প্রস্তুতির। এর মধ্যেই নিজেদের ঝালাই করে নিতে তারা আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাপানের সঙ্গে। ১ ডিসেম্বর থেকে বিকেএসপিতে শুরু হওয়া ক্যাম্পটি পরিচালনা করছেন মালয়েশিয়ান অন্তর্বর্তীকালীন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। গতকাল ফোনে এই কোচ দলের প্রস্তুতি ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এমন একটা টুর্নামেন্টের আগে মাত্র ৯ দিনের প্রস্তুতি মোটেই যথেষ্ট নয়। বিশেষ করে প্রায় তিন বছর পর হকি খেলোয়াড়রা পুরোপুরি আনফিট অবস্থায় খুব অল্প সময়ের মধ্যে ক্লাব কাপ ও লিগ খেলেছে। তাদের ফিটনেসে অনেক ঘাটতি আছে। আমরা সেগুলো নিয়েই এ কদিন কাজ করেছি।’
×
