ট্রাকচাপায় বাবাসহ আমেরিকা প্রবাসী মেয়ে নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৬:৪৭ পিএম

নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রাকের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত হয়েছেন রিকশাচালক।

শুক্রবার দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের চাকার নিচ থেকে বাবার মরদেহ সহ সড়কের পাশে পড়ে থাকা মেয়ের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- আলতাফ হোসন (৪০) ও তার মেয়ে বেলী আক্তার (২০)। তাদের বাড়ি সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের চাষাড়ার ডাকবাংলো এলাকায় একটি রিকশা চাষাড়া থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিল। রিকশায় যাত্রী ছিলেন বাবা ও মেয়ে। ওই সময় উল্টোদিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ওই রিকশার সামনের দিকে ধাক্কা দিলে সড়কে পড়ে যায় যাত্রীরা। তখন ট্রাকটি তাদের মাথার ওপর উঠিয়ে দেয়। এ ঘটনায় দ্রুত চালক ট্রাক রেখে পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফতুল্লা মডেল থানায় উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের বারত দিয়ে তিনি জানান, গত ৩ ডিসেম্বর আমেরিকা থেকে দেশ ফিরে বেলি আক্তার তার খালায় বাসায় অবস্থান করছিল। শুক্রবার একটি অনুষ্ঠানে তাকে নিয়ে যায় বাবা আলতাফ। সেখান থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের রিকশাকে প্রথমে ধাক্কা দেয়। পরে তাদের ওপর চাপা দিলে তাদের মৃত্যু হয়। চালক পালাতে চেষ্টা করলে ওই সময় প্রত্যক্ষদর্শীরা তাকে আটক করে পুলিশে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত