সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কালো কাপড়ে মুখ ও মাথা বাধা বাহিনী নিয়ে নির্বাচনী সভা করার অভিযোগ উঠেছে। ওই বাহিনী দিয়ে প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোরও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খোকন প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর অনুলিপি দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক, সিরাজগঞ্জ পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর।
শুক্রবার বিকেলে ঠুটিয়া স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার স্বতন্ত্র প্রার্থী এ তথ্য জানান।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন খোকন বলেন, গত ৮ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় হাট পাচিল বাজারে নৌকার প্রার্থী নির্বাচনী পথসভা করেন। এ সভা চলাকালে মুখে ও মাথায় কালো কাপড়ে বাধা ১০ জন সন্ত্রাসী দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি বক্তব্য রাখেন। এ সময় নৌকার প্রার্থী বলেন, নৌকায় ভোট না দিলে নির্বাচনের পরে কারও বাড়িতে গরু-ছাগল কিছু থাকবে না। শান্তিতে বাস করতে চাইলে আগামী ২৬ ডিসেম্বর নৌকায় ভোট দেবেন। নৌকা প্রতীকে যারা ভোট দেবেন না তাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নাই।
ওই সভায় আরও বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদীসহ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতরা। এর পর থেকে ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ছাড়া নৌকার প্রার্থী বিভিন্ন মিটিংয়ে ঘোষণা দেন যে নৌকা ১০ ভোট পেলেও চেয়ারম্যান তিনিই হবেন। ফলে এ ইউনিয়নে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ফলে এ সব বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন ওই স্বতন্ত্র প্রার্থী।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী উল্টো প্রশ্ন করেন, কালো কাপড় পড়ায় আইনি কোনো বাধা আছে নাকি? পরে বলেন, আমি বক্তব্য দেওয়ার সময় সামনের দিকে তাকিয়ে ছিলাম। পেছনে কারা ছিল তা আমি দেখতে পাইনি। যতদূর সম্ভব ষড়যন্ত্র করে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া মার্কা) এই কাজটি করেছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা (কৈজুরি ও জালালপুর) ও শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক জানান, আমি কালো কাপড় মুখে বাধা ছবিগুলো দেখেছি। সেগুলো দেখার পর কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, মুখে কালো কাপড় বাধা বাহিনীর বিষয়টি আমাদের নজরেও এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার প্রার্থী সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
