গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মতো আফ্রিকান অ্যান্টিলুপ গোত্রের প্রাণী গ্যাজেল দম্পতির ঘরে একটি শাবকের জন্ম হয়েছে। তবে এখনো শাবকটির লিঙ্গ নির্ণয় করা যায়নি।
গ্যাজেল শাবকের জন্ম ঘিরে সাফারি পার্কে আলাদা আনন্দ বিরাজ করছে। এখন পার্কে বাচ্চাসহ ৩ টি গ্যাজেল হলো।
গ্যাজেলের বসবাস গহিন বনে হলেও হরিণ পালের সঙ্গে এখন পার্কের গ্যাজেলগুলো উন্মুক্ত স্থানেও চলে আসে। সম্প্রতি সাফারি পার্কে গিয়ে চোখে পড়ে একটি শাবকসহ গ্যাজেল দম্পতির ঘোরাফেরা। মায়ের সাথে ঘুরে বেড়ানো গ্যাজেল শাবকটি দর্শনার্থীদের ভিন্ন আনন্দ দেবে বলে আশা করছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
পার্ক কর্তৃপক্ষ জানান, পার্কের কোর সাফারি বেষ্টনীর ভেতরে আফ্রিকান সাফারিতে অন্য সব প্রাণীর পালের সঙ্গে বসবাস গ্যাজেল জোড়াটির। এক জোড়া গ্যাজেল থাকলেও বাচ্চা পাওয়া যাচ্ছিল না। এ আফ্রিকান সাফারিতে রয়েছে ওয়াইল্ড বিস্ট, কমন ইংল্যান্ড, জেব্রা, জিরাফ ও বিভিন্ন হরিণের পালের রাজত্ব। পাশেই রয়েছে গয়াল, নীলগাইয়ের বসবাস।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান জানান, গ্যাজেল অ্যান্টিলুপ গোত্রের তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এটা থমসন গ্যাজেল। আফ্রিকান অঞ্চলে এদের বেশি বসবাস। তাঞ্জানিয়া, কেনিয়াসহ সাভানা ফরেস্ট অঞ্চলের সবুজ ঘাস বেষ্টিত ভূমিতে গ্যাজেলের বিচরণ। মঙ্গোলিয়া, উত্তর চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান তুরস্ক, সিরিয়াতেও দেখা যায় গ্যাজেল।
তিনি বলেন, পাঁচ থেকে ছয় মাসে গর্ভ ধারণের পর গ্যাজেল বাচ্চার জন্ম দেয়। সাধারণত একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে গ্যাজেল দম্পতি। তবে দুটি শাবক জন্মের ঘটনাও রয়েছে। পুরুষ গ্যাজেলের শিং থাকে। মাদি গ্যাজেল শিংবিহীন হয়। লেজ ও বুকের নিচে সাদা হয়। ওজন ২৫ থেকে ৩০ কেজি হয়ে থাকে। গ্যাজেল ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। গ্রীষ্মকাল সাধারণত এদের উত্তম প্রজননকাল। ঝোপঝাড়ে লুকিয়ে থাকতে পছন্দ করে এরা। প্রজননকালে পুরুষ গ্যাজেল আক্রমণাত্মক হয়ে পড়ে। নারীদের পেছনে ছুটে বেড়ায় সঙ্গমের জন্য। শত্রুদের কাছ থেকে নিরাপদে রাখতে শাবকদের ঘিরে রাখে মা-বাবা। আয়ুকাল সাত বছর থেকে দশ বছর হয়ে থাকে। দেড় থেকে পৌনে দুই বছরেই প্রাপ্ত বয়স্ক হয় গ্যাজেল।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, নভেম্বরের শেষের দিকে কোনো এক সময় শাবকটির জন্ম হয়। তবে এত দিন কারও চোখে পড়েনি। শুক্রবার বেশ কয়েকবার চোখে পড়ল। গ্যাজেল ঝোপঝাড়ে লুকিয়ে থাকে বলে চোখে পড়ে খুবই কম।
তিনি বলেন, সাফারি পার্কে শাবকসহ গ্যাজেল সদস্য হলো তিনটি। পুরুষটি বেশ বয়স্ক হয়ে পড়েছে। এ শাবক জন্মের মাধ্যমে নতুন আশার সঞ্চার হলো। এখনো জন্ম নেওয়া শাবকটির লিঙ্গ নির্ণয় করা যায়নি।
