নড়াইলের লোহাগড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় ৯ প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কারাদেশের কপিতে স্বাক্ষর করেন।
বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ পাখি, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কামরুল, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব আজিজুর রহমান আরজু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিকদার নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহীদুর রহমান শাহীদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধির ৪৭-এর ‘ঠ’ অনুচ্ছেদ মোতাবেক ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।’
