ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:১৬ এএম

ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার ধানম-ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় রুজু হওয়া একটি চাঁদাবাজির মামলায় সিদ্দিকুর রহমানকে ওই রাতেই সোয়া ১টার দিকে ধানম-ি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও চারটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় চরমাধবদিয়া এলাকার জনৈক লুৎফর রহমান নান্নু খান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ১৪ অক্টোবর তার জমি জবরদখল ও ১ লাখ টাকা চাঁদা নেন সিদ্দিক।

সিদ্দিকুর রহমানের ভাই স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল জলিল বলেন, ‘আমার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর ফরিদপুর চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। সেখানে সিদ্দিকুর রহমানও একজন প্রার্থী। তিনি ইতিপূর্বে ফরিদপুর চেম্বারের দুইবারের সভাপতি ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত