বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতে বিদেশে পাঠানোর বিষয়ে আকুতি জানিয়ে লাভ নেই, বরং সরকারকে ধাক্কা দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল শুক্রবার ঢাকায় এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে।
এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের এক নিকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী লীগ সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে গুম ও খুন এই দুটি শব্দ জনগণের কাছে অত্যন্ত সুপরিচিত হয়ে উঠেছে। গুম কী? বিচারবহির্ভূত হত্যাকান্ড কী? এটা এদেশের মানুষ জানত না। এই আওয়ামী লীগ সরকার দেশে এই সংস্কৃতি চালু করেছে।’
