চার তরুণী, পাঁচ সহযোগীসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:৪০ এএম

চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে গত বৃহস্পতিবার রাতে চার তরুণী ও পাঁচ সহযোগীসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার মামলার পর আদালতে হাজির করা হলে ৩০০ টাকা করে অর্থদণ্ডে মুক্তি পান তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আহাদ, তার সহযোগী মো. জাহাঙ্গীর, হারাধন, রতন, মো. নঈমুদ্দিন, মো. হামিদ, সুরাইয়া, তামান্না, পিয়া ও রূপা।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৬ নম্বর সড়কের ১২ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৬ পুরুষ ও ৪ তরুণীকে আটক করা হয়।

পরে আজ (গতকাল শুক্রবার) তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশের ৭৬ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার তরুণীরা প্রাপ্তবয়স্কা এবং স্বেচ্ছায় ছেলেদের কাছে যাওয়ার কথা স্বীকার করায় মানব পাচার আইনে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা আবদুল আহাদসহ ১০ জনকে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা অনাদায়ে দুদিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। পরে আসামিরা জরিমানা দিয়ে আদালত থেকে মুক্তি পান।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘তরুণীসহ আবদুল আহাদের গ্রেপ্তারের ঘটনা আমাদের জন্য সত্যিই বিব্রতকর। মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত