ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন আলি আকবর

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ পিএম

গত বুধবার হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান বা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করার প্রতিবাদে ইসলাম ধর্ম ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক আলি আকবর।

শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন তিনি। আলি আকবর একজন মালায়ালাম সিনেমা নির্মাতা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপিন রাওয়াতের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন আলি আকবর। তার অভিযোগ, এ পোস্টে অনেক মানুষ ‘হা হা’ রিয়েক্ট দেন। এতেই ক্ষুব্ধ হন জাতীয় পুরস্কার জয়ী এ পরিচালক।

তিনি জানান, যারা এমন সংবেদনশীল বিষয়ে মজা পান তারা ‘দেশদ্রোহী’।

এক ভিডিওতে আলি আকবর বলেন, ‘জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম আমি তা ত্যাগ করছি। এখন থেকে আমি আর মুসলিম নই। আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায়, তাদের জন্য এটা আমার উত্তর।’

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, আলী আকবর এর নতুন নাম হবে রামসিংহ। এই নাম তিনি নিজেই নিজের জন্য বেছে নিয়েছেন। তিনি আরও বলেন যে, তিনি তার দুই মেয়েকে ধর্মান্তরিত হতে বাধ্য করবেন না। কারণ এটা তাদের ব্যক্তিগত পছন্দের বিষয়।

চলতি বছরের অক্টোবরে আলি আকবর বিজেপির রাজ্য কমিটির সদস্য সহ সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন। কারণ তিনি বিজেপির রাজ্য সম্পাদক এ কে নাজিরের বিরুদ্ধে বিজেপির কেরালা ইউনিটের সাংগঠনিক স্তরের পদক্ষেপে ‘মনোক্ষুণ্ন’ হয়েছিলেন। আকবর অবশ্য বলেন যে তিনি বিজেপির সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন। এক আবেগময় ফেসবুক পোস্টে তিনি বলেছিলেন যে, বিজেপির হয়ে কাজ করার সময় একজন মুসলিম তার নিজের পরিবার এবং সম্প্রদায় থেকে যে ধরণের অপমান এবং অপব্যবহারের সম্মুখীন হয় তা বোঝা সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন।

এই চলচ্চিত্র নির্মাতা বর্তমানে মালাবার বিদ্রোহের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের কাজ করছেন, যাকে মোপলা দাঙ্গাও বলা হয়। ১৯২১ সালের উত্তর কেরালায় ওই বিদ্রোহ সংগঠিত হয়েছিল।

বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক জেনারেল রাওয়াতসহ ১৩ জন নিহত হন। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছায়।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ১৭ তোপধ্বনির মধ্যে দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের শেষ শ্রদ্ধা জানান হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত