জমি নিয়ে বিরোধের সালিশে প্রাণ গেল দফাদারের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৪:০২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় পরিমল (৪২) নামের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদ ভবনে  এ ঘটনা ঘটে।

চন্দনপুর ইউনিয়নের দফাদার নিহত পরিমল চন্দনপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চন্দনপুর গ্রামের অনিল চন্দ্র দাশের ছেলে পরিমলের সাথে তার চাচাতো ভাই উমেষ চন্দ্র গংদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন জমিজমার বিরোধ মেটানোর জন্য চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশ বৈঠকে বসেন।

বৈঠকের একপর্যায়ে উমেষ ও তার লোকজন উত্তেজিত হয়ে পরিমলকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তিনি মারা যান।

চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ মাস্টার দেশ রূপান্তরকে বলেন, পরিমল এবং উমেষ দু’জনেই আমার এখানে চাকরি করেন। একজন দফাদার, আরেকজন চৌকিদার। তাদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ তিন মাস আগে আমি নিষ্পত্তি করেছিলাম। আজ চূড়ান্ত নিষ্পত্তির জন্য তারা পরিষদে আসে। পরিমল পূর্বের নিষ্পত্তি না মানায় ধমক দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শুনছি সে মারা গেছে।

মেঘনা থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের থাপ্পড়ে পরিমল নামে একজন মাটিতে পড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সম্ভবত হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। আর উমেষসহ তাদের তিন ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত