ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: কৃষিমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৭ পিএম

ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণউচ্চ বিদ্যালয় মাঠে বিজয় ৭১ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধরা সক্রিয় রয়েছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।

তিনি বলেন, দেশের সুনামহানি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানা পাঁয়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

ড. রাজ্জাক আরও বলেন, ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষকে বারবার আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পাকিস্তান আমলে বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে- এ বিষয়ে সজাগ থাকতে হবে।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও টাঙ্গাইল আঞ্চলিক উন্নয়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত