প্রয়োজন নয়, চশমা এখন ফ্যাশনের অন্যতম অনুষঙ্গও বটে। অনেকেই আছেন যারা এখন পোশাকের সঙ্গে মিলিয়ে বেছেও নিচ্ছেন পছন্দের ফ্রেম। আর এই চশমা আপনার চোখগুলো সুন্দর ও নিরাপদ রাখছে।
কিন্তু চশমা ব্যবহারকারী অধিকাংশ মানুষ এই চশমার যত্ন নিতে ভুলে যান। কিংবা চশমারও যে যত্ন নেওয়া প্রয়োজন তা অনেকের কাছে অজানা। ফলে অযত্নে কিছুদিনের মধ্যেই চশমার কাচে স্ক্র্যাচ পড়ে কিংবা ঝাপসা হয়ে যায়। এবার জেনে নিন জীবনের এই দরকারি সঙ্গীটির যত্নে করণীয়-
• চশমা খোলার সময় দুই হাত দিয়ে ফ্রেম ধরে খুলতে হবে। এক হাতে চশমা খুললে বিশেষ করে রিমলেস চশমার ক্ষেত্রে ফ্রেম বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা আকার বড় হয়ে যেতে পারে। তাই এসময় সতর্ক থাকুন।
• চশমা কখনো সরাসরি রোদে রাখবেন না। এছাড়া চশমা অন্য কাউকে পরতেও দেবেন না। এতে চশমার ফিটিংস নষ্ট হয়ে যায়।
• চশমায় যাতে ঘাম বা তেল জাতীয় কোনো কিছু না লাগে সেদিকে লক্ষ্য রাখুন।
• চশমা পরিষ্কারের ক্ষেত্রে কাগজ বা টিস্যু ব্যবহার থেকে বিরত থাকুন। টিস্যু বা কাগজ অনেক সময় চশমার গ্লাসে দাগ ফেলে দেয়।
• সপ্তাহে অন্তত একদিন চশমা ধুয়ে পরিষ্কার করুন। একটি পাত্রে হালকা কুসুম গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে নিন। এরপর এই পানিতে কিছু সময়ের জন্য চশমা ভিজিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে চশমা ধুয়ে পরিষ্কার নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।
• চশমা পরিষ্কারের ক্ষেত্রে সব সময় নরম সুতি কাপড় ব্যবহার করুন। অপরিষ্কার, শক্ত ও খসখসে কাপড় ব্যবহার থেকে বিরত থাকুন।
