কাপ্তাই হ্রদ বাঁচাতে নৌ শোভাযাত্রা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ পিএম

‘বন বাঁচলে, থাকবে পানি’ এই স্লোগানে প্রাকৃতিক বন উজাড় রোধ ও কাপ্তাই হ্রদের পানি দূষণমুক্ত রাখতে নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই শহরের ফিশারিঘাট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এক নৌ সচেতনতা ও আলোচনা সভা হয়।

আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন প্রজাতির মাছ ছাড়াও অনেক ধরনের স্থানীয় পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী এবং উভচর প্রাণী কাপ্তাই হ্রদে বিচরণ করে থাকে। এক কথায় কাপ্তাই হ্রদ জীববৈচিত্র্যের আধার এবং বিচরণক্ষেত্র। জনসংখ্যার বৃদ্ধির ফলে দিন দিন হ্রদের পানি দূষিত হচ্ছে এবং ব্যবহারের অনুপযোগী হচ্ছে এবং প্রাকৃতিক বন উজাড় হওয়ার কারণে নেমে যাচ্ছে পানির স্তর। আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন ঘাটে নৌ শোভাযাত্রার মাধ্যমে প্রচারণা ও প্রচারপত্র বিলি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত