দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় ইসাহাক আলী (৩১) নামে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন আদালতের বিচারক।
রবিবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরীফ উদ্দিন আহমেদ এই রায় প্রদান করেন।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন। অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইসাহাক আলী পার্বতীপুর উপজেলার আমেরিক্যান ক্যাম্প পাড়ার ফিরোজ মিয়ার ছেলে।
মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট তৈয়বা বেগম ও আসামি পক্ষে অ্যাডভোকেট খাইরুল আলম পরিচালনা করেন।
বিশেষ পিপি তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ৫ অক্টোবর বিকেলে বাড়ির পাশে খেলার সময় ৯ বছর বয়েসী এক শিশুকে ইছাহাক তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ৮ অক্টোবর শিশুর বাবা বাদী হয়ে ইছাহাককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে আসামি ইছাহাককে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতের বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
আটক আসামি ইতিপূর্বে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছিল। আমরা বিচারকের কাছে তার বিরুদ্ধে প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি।
