ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিত প্যানেল ১০টি পদে জয়লাভ করেছে। পাঁচটি পদে জয়লাভ করেছে আওয়ামীপন্থী মতাদর্শের শিক্ষকেরা। এতে সভাপতি হিসেবে প্রফেসর ড. মিজানূর রহমান এবং সম্পাদক হিসেবে মোহা. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছে।
জানা গেছে, সকাল সাড়ে ৯টায় থেকে অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোট গ্রহণ শুরু হয় এবং দেড়টায় শেষ হয়। পরে বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে রাত ৮টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান। এতে ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করে। ৩টি ব্যালট পেপার বাতিল এবং ৪৪ জন ভোটার অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামাত পন্থী সমর্থিত প্রফেসর ড. মিজানূর রহমান ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ১৮৬ ভোট পেয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ১৬৬ ভোট পেয়ে শাপলা ফোরাম থেকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক, ১৫৩ ভোট পেয়ে বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, ১৬৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জামাতপন্থী শিক্ষক প্রফেসর ড. আব্দুল বারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
এদিকে সদস্য হিসেবে বিএনপি-জামাতপন্থী নির্বাচিত শিক্ষকেরা হলেন- প্রফেসর ড. শাহিনুজ্জামান (১৭৩), প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯), প্রফেসর ড. খোদেজা খাতুন (১৬৮), প্রফেসর ড. রফিকুল ইসলাম (১৬৭), প্রফেসর ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬), প্রফেসর ড. নুরুন নাহার (১৬৫), প্রফেসর ড. জাহিদুল ইসলাম (১৬২) এবং আওয়ামীপন্থী শিক্ষকদের শাপলা ফোরাম প্যানেল থেকে মাহবুবুল আরফীন (১৭১), প্রফেসর ড. আনোয়ার হোসেন (১৬৪), প্রফেসর ড. শামসুল আলম (১৬১) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পর নব্য নির্বাচিত সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা শিক্ষকেরা আলাদা আলাদা প্যানেল দিলেও কাজ করার সময় সবাই এক। আমরা নব নির্বাচিতরা শিক্ষকদের কল্যাণে কাজ করব। একই সঙ্গে ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করছি।
