বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএনপির ৪ দিনের কর্মসূচি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৭ এএম

শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস উপলক্ষে চার দিন নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রবিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুর ২টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আলোচনা অনুষ্ঠান হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ওইদিন ভোরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এবং পরে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন নেতাকর্মীরা।

এ ছাড়া ১৯ ডিসেম্বর বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা ও পরদিন ২০ ডিসেম্বর বেলা ২টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত