নিখোঁজের ৪ দিন পর মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের টেংরা খালে মিকাইল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ পাওয়া গেছে।পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়- বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন।
রবিবার সকালে ওই উপজেলার বাগাডাঙ্গা সীমান্তের ওপারের ভারসেতর টেংরা খাল থেকে তার লাশ পানিতে ভেসে ওঠে।
নিহত মিকাইল হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মিকাইলসহ কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ভারত থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকায় শিলবাড়ি বিএসএফের টহল দলের সামনে পড়ে।
এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিলেন। ঘটনার ৪ দিন পর রবিবার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা-পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন।
ঝিনাইদহের মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ বলেন, সকালে স্থানীয়দের মুখে ঘটনাটি শুনেছি। অফিশিয়াল কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খোঁজ পেলে পরে জানানো হবে।
