বাগেরহাটে বাড়িতে চুরি করতে এসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল হাওলাদার (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে রুবেল হাওলাদার ও সজল মল্লিকের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় হওয়া মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রুবেল হাওলাদার জেলার মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামের জাকির হাওলাদারের ছেলে।
এর আগে মঙ্গলবার দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে।
গত সোমবার দিনগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলায় ধর্ষণের ঘটনাটি ঘটে। এ সময় ঘর থেকে চোরেরা নগদ ৪৭ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম সকালে বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় তার স্বামী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। প্রতিবেশীর সঙ্গে জমির বিরোধে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।
গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার আসল তথ্য জানা সম্ভব হবে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা।
